দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট দেখা দিয়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী, বসবাসরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্র জানায়, গভীর নলকূপের ফিল্টার নষ্ট হয়ে যাওয়ায় প্রথম পাঁচ দিন বালু, দ্বিতীয় পাঁচ দিন ছোট পাথর ও শেষের পাঁচ দিন কাদা উঠেছে। চৈত্র মাস শুরু হওয়ার পর থেকেই প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী তাহমিনা (২০), শিরিনা (২৫), সেলিনা (২০), শফিকুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলাম (১৮) জানান, তাঁরা পাঁচ দিন ধরে পানির সংকটে ভুগছেন। পানির অভাবে তাঁরা গোসল করতে পারছেন না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল আলম বলেন, পানির সমস্যা সমাধানের জন্য তিনি কুমিল্লার নির্মাণ ব্যবস্থাপনা ইউনিটের প্রকৌশলী ও সিভিল সার্জনকে লিখিতভাবে জানিয়েছেন। কুমিল্লার নির্মাণ ব্যবস্থাপনা ইউনিটের প্রকৌশলী শওকত মহিবুর বলেন, ‘পানির সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’