দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের তৎপরতা অন্য হাসপাতাল থেকে কয়েক গুণ বেশি। এখানে আসা রোগীরা প্রতিনিয়ত দালালদের হাতে হেনস্তা হচ্ছেন। অফিস চলাকালে রোগী দেখার সময় ওষুধ কোম্পানির লোকজন যখন-তখন চিকিৎসকদের কক্ষে ঢুকে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব সমস্যা তুলে ধরা হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটির আরও নানা সমস্যার কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে লোকবল ছাড়াই ৫০ শয্যা চালু করা হয়েছে। এ অবস্থায় এখানে লোকবল সংকট প্রকট হয়ে পড়েছে। হাসপাতালটিতে পয়োনিষ্কাশন, স্যানিটেশন ও বর্জ্য ফেলার ব্যবস্থা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে কোনো ফটক নেই, সাইনবোর্ডও নেই। এ কারণে ভেতরের আবাসিক ভবনগুলো অরক্ষিত থাকছে। এখানে নিরাপত্তা-কর্মী নেই। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চিকিৎসক-কর্মচারীদের বাসায় কয়েক দিন পরপর চুরি হচ্ছে। কমপ্লেক্সের ভেতরে পানি নিষ্কাশনের জন্য নর্দমার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। এখানকার আবাসিক ভবনগুলো জরাজীর্ণ। এ কারণে আবাসিক ভবনে বাস করা কষ্টকর হয়ে পড়ছে। কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও প্রকট আকার ধারণ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জালাল হোসেন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে আরও বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার দিক দিয়ে চলতি বছর চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। কমপ্লেক্সটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় আশপাশের পাঁচটি উপজেলার রোগীরা এখানে নিয়মিত চিকিৎসা নিতে আসেন। সেবার মানে প্রথম হলেও এখানে নানা সমস্যা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম সরকার, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ প্রমুখ।