দাউদকান্দিতে অগ্নিদগ্ধ হয়ে মা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামে গতকাল বুধবার অগ্নিদগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাঁদের হত্যা করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকাপুর গ্রামের সৌদী আরবপ্রবাসী শাহজাহান শিকদারের দ্বিতীয় স্ত্রী হাসিনা আক্তার (৩৫) ও ছয় মাসের ছেলে ইয়াছিন নিজ ভবনের একটি কক্ষে গতকাল দুপুরে ঘুমাচ্ছিলেন। এ সময় ওই কক্ষের মধ্যে আগুন লাগে। কক্ষের ভেতর ধোঁয়া দেখে আশপাশের লোকজন দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন হাসিনা ও ইয়াছিনের লাশ পড়ে আছে। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মা ও ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ওই কক্ষের খাটসহ সব আসবাব পুড়ে যায়।
নিহত হাসিনার ছোট ভাই মামুন মিয়া বলেন, ‘আমার বোন হাসিনা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সেবিকার চাকরি করতেন। প্রায় আড়াই বছর আগে শাহজাহানের সঙ্গে হাসিনার বিয়ে হয়।
সরকাপুর গ্রামে শাহজাহানের দুটি বাড়ি রয়েছে। ওই দুটি বাড়িতে দুই স্ত্রী বসবাস করতেন। প্রথম স্ত্রী সালেহার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই স্ত্রী পৃথক বাড়িতে বসবাস করলেও তাঁদের মধ্যে মনোমালিন্য ছিল। ওই বিরোধের জের ধরে শাহজাহানের প্রথম স্ত্রীর ছেলেরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
তবে এ ব্যাপারে হাসিনার প্রতিবেশী নজির আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, হাসিনা ও ইয়াছিনের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে মনে হচ্ছে। হাসিনা ও ইয়াছিনের লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।