দাউদকান্দিতে আট কেজি গাঁজাসহ আটক ১
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক করা ব্যক্তির নাম মফিজুল ইসলাম (৩৫)। কুমিল্লার সদর উপজেলার শাসনগাছায় তাঁর বাড়ি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, কুমিল্লা থেকে বাসে করে গাঁজার একটি চালান ঢাকা যাচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। ওই সংবাদের ভিত্তিতে আজ বেলা পৌনে একটার দিকে গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি শনপাপড়ির প্যাকেটের মধ্য থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনপাপড়ির ওই প্যাকেটগুলো বহনকারী মফিজুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। মফিজুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।