দাউদকান্দিতে আড়াই লাখ টাকাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আড়াই লাখ টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গৌরীপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ওই ছিনতাইকারীদের আটক করেন। এ ব্যাপারে টাকার মালিক আক্তার হোসেন বাদী হয়ে পাঁচ ব্যক্তির নামে দাউদকান্দি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।জানা গেছে, গতকাল দুপুর ১২টায় কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের আক্তার হোসেন তাঁর বোনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। কড়িকান্দি থেকে সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁরা বাসে ওঠার জন্য গৌরীপুর বাসস্ট্যান্ডে নামেন দুপুর সাড়ে ১২টায়। সেখানে ওত পেতে থাকা পাঁচ ছিনতাইকারী আক্তার হোসেনের ব্যাগ ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে মহাসড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময়ে আক্তার হোসেন চিৎকার দিলে গৌরীপুর বাসস্ট্যান্ডে কর্তব্যরত হাইওয়ে পুলিশের এএসআই মহিউদ্দিন এগিয়ে আসেন। তিনি দৌড়ে গিয়ে দুই ছিনতাইকারীকে ব্যাগভর্তি টাকাসহ আটক করেন। আটক হওয়া ছিনতাইকারীরা হলেন গৌরীপুরের রেদোয়ান হোসেন (২১) ও ছবির আহমেদ (২০)। অন্য তিন ছিনতাইকারী পালিয়ে যায়। আক্তার হোসেন বাদী হয়ে পাঁচজনের নামে দ্রুত বিচার আইনে দাউদকান্দি থানায় মামলা করেন।