দাউদকান্দিতে ইউপি সদস্যকে গলা কেটে হত্যার চেষ্টা
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তফা কামালকে গত মঙ্গলবার গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মোস্তফা কামাল মালিগাঁও ইউপির সদস্য। এ ঘটনায় তাঁর স্ত্রী মণি বাদী হয়ে একটি মামলা করেছেন৷
মোস্তফার স্ত্রী মণি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করে। মোস্তফা দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরিকাঘাত করে৷ এতে মোস্তফার গলার কিছু অংশ কেটে যায়৷ তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে রোস্তম নামের এক ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় । পরে আহত মোস্তফা ও রোস্তমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রোস্তম জানান, সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত বাড়িতে গিয়ে তাঁকে (রোস্তম) ধরে নিয়ে আসে। পরে ওই দুর্বৃত্তরা তাঁকে ইউপি সদস্য মোস্তফা কামালের বসতঘরের সামনে নিয়ে যায়৷ এ সময় দুর্বৃত্তরা তাঁকে ইউপি সদস্যকে ডাক দিতে বলে৷ এ কারণে বাধ্য হয়ে তিনি মোস্তফাকে ডাকাডাকি করেন৷
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মোস্তফার স্ত্রী মণি বাদী হয়ে নয়জনকে আসািম করে থানায় একটি মামলা করেছেন।