দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের চাপায় ছাত্রের মৃত্যু, ভাংচুর
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল-আমিন গতকাল বুধবার কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছে। এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ৪১টি যানবাহন ভাঙচুর করে। এতে চালক ও যাত্রীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এ ঘটনায় মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে আল-আমিনকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই স্কুলের শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে স্কুলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তারা ইট ছুড়ে ও লাঠি দিয়ে ৪১টি যানবাহন ভাঙচুর করে। এতে বাস-ট্রাকের চালকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এ সময় দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে উপসহকারী পরিচালক তফিজ উদ্দিনের নেতৃত্বে র্যাব-১১-এর একটি দল, হাইওয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও দাউদকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে দুর্ঘটনা ও অবরোধের খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রের পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ, বিদ্যালয় এলাকায় যানবাহনের গতি কমাতে মহাসড়কের উভয় পাশে গতি-চিহ্নসূচক বিলবোর্ড স্থাপন, চার লেনের কাজ শেষে একটি উড়ালসেতু ও গতিরোধক নির্মাণ, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং কাভার্ড ভ্যানের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়। পরে ইউএনও এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব দাবি মেনে সঠিক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। আলোচনার পর কর্তৃপক্ষ ওই দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করে। আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেরিন রহমান বলেন, আহত হওয়ার পর যতটা ভয় লেগেছে, তার চেয়ে ভয় লেগেছে বেশি আতঙ্কে। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, অবরোধ চলাকালে পুলিশ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তুষার আহমেদকে পেটালে পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। তবে দাউদকান্দি থানার ওসি এ অভিযোগ অস্বীকার করেন। গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রহিমা বলেন, ‘অবরোধের কারণে ১০ কিলোমিটার হেঁটে-দৌড়েও সময়মতো পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারিনি।’ কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) শ্যামল কুমার নাথ, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, নারায়ণগঞ্জের র্যাব-১১-এর উপসহকারী পরিচালক তফিজ উদ্দিন, দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথ বলেন, পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বড় ধরনের অঘটন ঘটেনি। আল-আমিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আল-আমিনের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।