কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের মো. সাইদ ও মোহাম্মদ আলী হত্যা মামলার দুই আসামিকে জেলা ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। তাঁরা আদালতে ওই দুজনকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন দাউদকান্দি উপেজলার লক্ষ্মীপুর গ্রামের শুক্কুর আলী (২৫) ও একই উপজেলার মাওড়াবাড়ির মাসুদ মিয়া (২৬)।
কুমিল্লা জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, গত রোববার অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে এবং শুক্কুর আলীকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাঁদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়ার আদালতে হাজির করা হয়।
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন গত বছরের ৮ নভেম্বর দুর্বৃত্তের হাতে খুন হন। এই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন পেন্নাই গ্রামের মো. সাইদ ও মোহাম্মদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ এপ্রিল বিকেলে সাইদ ও আলী একটি প্রাইভেট কারে তিতাস উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারের গতি রোধ করে পিটিয়ে ও কুপিয়ে তাঁদের গুরুতর জখম করে একদল দৃর্বৃত্ত। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ এপ্রিল মারা যান। মোহাম্মদ আলী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল মারা যান।