দাউদকান্দিতে ট্রাক্টরের চাপায় স্কুলশিক্ষিকা নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বালুবাহী একটি ট্রাক্টরের চাপায় রায়হানা আক্তার (৪২) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক্টর পথচারী তিতাস উপজেলার নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়হানা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক সরফরাজ হোসেন খান বলেন, রায়হানা আক্তারকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
নিহত রায়হানা আক্তার তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের আবদুল খালেকের মেয়ে। স্বামীর বাড়ি দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে।
রায়হানা আক্তারের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ফারিয়া আক্তার জানায়, তার মা বাসা থেকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে ট্রাক্টরটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে।
এদিকে রায়হানার লাশ হাসপাতাল থেকে আত্মীয়স্বজনরা নিয়ে গেছেন। শিক্ষিকার মৃত্যুতে তিতাস ও দাউদকান্দি উপজেলার সব শিক্ষক গভীর শোক প্রকাশ করেন।