দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট
যানবাহনের বাড়তি চাপ ও এলোপাতাড়ি চলাচলের কারণে গতকাল শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি মহাসড়ক পুলিশ জানায়, উপজেলার হাসানপুর থেকে হরিপুর পর্যন্ত ভোর থেকে শুরু হয় যানজট। বেলা ১১টা পর্যন্ত ছিল এ অবস্থা।
এই মহাসড়কে দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকায় চার লেন প্রকল্পের কাজ চলছে। এ অবস্থায় গতকাল সাপ্তাহিক ছুটির দিন মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে এবং সেগুলো এলোপাতাড়ি চলাচল শুরু করলে মহাসড়কের ওই অংশে তীব্র যানজট বাধে।
এ প্রসঙ্গে উপজেলার বারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আছমা আক্তার বলে, ব্যবহারিক পরীক্ষার জন্য সুবল আফতাব উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে যানজটের কারণে কয়েক কিলোমিটার হাঁটতে হয়েছে তাকে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় বেলা ১১টার দিকে মহাসড়ক যানজটমুক্ত হয়।