দাউদকান্দিতে তিনজনকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামে মাদ্রাসাছাত্রীসহ তিনজনকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে অ্যাসিডদগ্ধ ফারজানার বাবা জালাল উদ্দিন সর্দার অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি সাদ্দম হোসেন পলাতক রয়েছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দম হোসেনের তিন বন্ধু আমিন (২৫), বাবু (১৯) ও রাসেলকে (১৮) গতকাল মঙ্গলবার কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাঁদের আটক করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ও বেসরকারি সংস্থার কয়েকজন কর্মকর্তা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফারজানার পরিবারকে সান্ত্বনা দেন। ফারজানার বড় বোন জাকিয়া আক্তার বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সঠিক বিচার চাই।’ দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ফারজানাকে দেখতে যান। চিকিৎসকদের বরাত দিয়ে ওসি প্রথম আলোকে বলেন, ফারজানার অবস্থা গুরুতর। কয়েক দিন পর তার অবস্থা বোঝা যাবে। ওসি জানান, আসামিদের ধরতে পুলিশি তৎপরতা চলছে। দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামের ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার (১৬), তার ভাগনে একই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ (১০) ও গৃহকর্মী খাদিজা আক্তার (১৫) গত রোববার রাতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়।