দাউদকান্দিতে নির্বাচিত কাউন্সিলর গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন মৌলভী গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পশ্চিম দিকে দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
আহত রকিব উদ্দিন মৌলভীকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে পৌরসভা নির্বাচনের ফলাফল পাওয়ার পর দাউদকান্দি থানার দিকে যাওয়ার পথে দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠের পাশে দুষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুড়ে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন মিয়াজী বলেন, গুলিটি রকিব উদ্দিন মৌলভীর কিডনির ওপর অংশে আটকে রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীরা গুলি করে দ্রুত পালিয়ে যায়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি।’