দাউদকান্দিতে পরিবহন নেতা ও গোয়াইনঘাটে এক ব্যক্তি খুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন৷ এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গত শুক্রবার দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছেন বাস মালিক সমিতির এক নেতা৷
গোয়াইনঘাট থানার পুলিশ ও উপজেলার নন্দীরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দারা জানান, গ্রামের তবারক আলীর ছেলে দুলু মিয়ার (২৬) সঙ্গে পাশের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাছগ্রামের কিছু লোকের টাকার লেনদেন ছিল৷ টাকা আদায় করতে না পেরে পূর্ণাছগ্রামের কয়েকজন সুযোগ পেয়ে দুলুর গ্রামের আবদুল মালিকের (৫৫) কয়েকটি গরু নিয়ে যান৷ গতকাল ভোরে এ নিয়ে মালিক ও দুলুর কথা-কাটাকাটি হয়৷ এরই জের ধরে দুলুর লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মালিকের বাড়িতে হামলা চালালে ঘটনাস্থলেই মালিক নিহত ও আরও ২০ জন আহত হন৷
পরে গোয়াইনঘাটের সালুটিকর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
এদিকে দাউদকান্দি উপজেলার পৌর এলাকার দক্ষিণ সতানন্দী গ্রামে গজারিয়া পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪২) খুন হয়েছেন৷ তাঁর বাড়ি মুিন্সগঞ্জের গজারিয়া উপজেলার চরচাষী গ্রামে৷ তবে তিনি দক্ষিণ সতানন্দী গ্রামে থাকতেন৷
নিহত ব্যক্তির স্ত্রী আলো আক্তার বলেন, রেজাউল শুক্রবার রাত ১২টার পর বাড়ি থেকে বেিরয়ে আর ফেরেননি৷ গতকাল ভোরে বাড়ির সামনে তাঁর লাশ পাওয়া যায়৷
দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, দুষ্কৃতকারীরা রেজাউলকে অন্য কোথাও হত্যা করে বাড়ির সামনে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে৷ নিহত ব্যক্তির বড় ভাই খাজা মিয়া গতকাল একটি মামলা করেছেন৷