দাউদকান্দিতে পাঁচ নারী পেলেন জয়িতা সংবর্ধনা
কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় পাঁচ নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে গত মঙ্গলবার উপজেলা মিলনায়তনে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তর দাউদকান্দি কার্যালয়ের উদ্যোগে অয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা।
অনুষ্ঠানে জয়িতা হিসেবে দাউদকান্দির লামচরী গ্রামের শিরীয়া খাতুন, পূর্ব পেন্নাই গ্রামের রেহেনা ইসলাম, পিপিয়াকান্দি রায়পুর গ্রামের নারগিস বেগম, কানড়া গ্রামের মোরশেদা বেগম ও মোল্লাকান্দি গ্রামের রহিমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
তাঁদের মধ্যে শিরীয়া আক্তারকে সমাজ উন্নয়নে অবদান রাখা নারী, রেহেনাকে অর্থনৈতিকভাবে সফল, নারগিস বেগমকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য, মোরশেদা বেগমকে সফল জননী ও রহিমা আক্তারকে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য জয়িতা হিসেবে বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করে পাঁচ নারী বক্তৃতা করেন। পরে তাঁদের মধ্যে ক্রেষ্ট, সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।