দাউদকান্দিতে পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের নিউমার্কেটের নৈশপ্রহরী সফিকুল ইসলামকে পুড়িয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল সোমবার ওই পাঁচজনকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পেন্নাই গ্রামের মাছুম মিয়া, দড়িকান্দি গ্রামের শাহীন মুনশি ও নাজমুল হাসান, মৌটুপী গ্রামের নাছির মুনশি এবং শোলাকান্দি গ্রামের রাহিম মিয়া। তাঁরা সবাই নিউমার্কেটে দোকানের কর্মচারী।
দুর্বৃত্তরা গত রোববার ভোররাতে নৈশপ্রহরী সফিকুল ইসলামকে (৪২) নিউমার্কেটের দোতলার সিঁড়িতে পুড়িয়ে হত্যা করে। এরপর তারা মার্কেটটির দোতলায় অবস্থিত রিভা টেলিকমের শাটার কেটে ৫৬ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মুঠোফোন সেট লুট করে। সফিকুল গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় রোববার সফিকুলের স্ত্রী জোছনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন। মাত্র তিন মাস আগে সফিকুল গৌরীপুর বাজারের নিউমার্কেটে নৈশপ্রহরীর চাকরি নিয়েছিলেন।