দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ও হাসানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ও গতকাল সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মাহে আলম (৩৩)। তাঁর বাড়ি স্থানীয় বাসরা গ্রামে। নিহত আরেকজন বৃদ্ধা। তাঁর পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক মাহে আলম (৩৩) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাহে আলমের লাশ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল রাত ১২টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।