কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। উপজেলার জিংলাতলী এলাকায় গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। হতাহত ব্যক্তিদের সবাই দিনমজুর।
এ ছাড়া ঢাকার আশুলিয়ায় গতকাল শনিবার এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা-মেয়ের। নওগাঁর আত্রাই উপজেলায় একই দিনে ভটভটির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন।
পুলিশের বরাত দিয়ে কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, নীলফামারীর ডিমলা থেকে ঝুমুর স্পেশাল প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লায় যাচ্ছিল। শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে দাউদকান্দির জিংলাতলী সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ডোমার উপজেলার মেলাপাংগা গ্রামের আতিয়ার রহমান (৪৮) ও ফারুক হোসেন (২২), একই উপজেলার উত্তর গোমনাথি গ্রামের বাবু মিয়া (১৮), জলঢাকা উপজেলার গড়ধর্মপাল গ্রামের এনামুল হক (৬০) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ২৭ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে অজ্ঞাতপরিচয় আরও একজনের মৃত্যু হয়। আহত ২৪ জনকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি মহাসড়ক থানার ওসি আবদুল আউয়াল বলেন, পরিবারের আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই চারজনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে সাভার থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, বাড়ির উদ্দেশে রওনা হয়ে স্ত্রী আরজু বেগম (২৮) ও মেয়ে মরিয়ম আক্তারকে (৩) নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গতকাল সকালে নবীনগর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মো. আজাদ (৩৩)। বাসস্ট্যান্ডের কাছে একটি মাটিবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে রিকশাটির। এ সময় স্ত্রী-সন্তানসহ সড়কে ছিটকে পড়েন আজাদ। ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। আর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পেশায় মাটিকাটার শ্রমিক নিহত আজাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে। থাকতেন আশুলিয়ার ডেন্ডাবর এলাকায়। তাঁর স্ত্রী আরজু বেগমকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বগুড়ার আদমদীঘি থেকে প্রথম আলোর প্রতিনিধি জানান, গতকাল সকাল আটটার দিকে আত্রাই মাছবাজার থেকে যাত্রীবাহী ভটভটি রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভটভটির চালক রসুলপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও যাত্রী একই গ্রামের বিশ্বনাথ হালদার (২৬) মারা যান। গুরুতর আহত যাত্রী রসুলপুরের লক্ষণ হালদারকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।