দাউদকান্দিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ সেতুর পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদিকে গতকাল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইল ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিহত হয়েছে দুজন।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইম পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সেতুর পাশের খাদে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চার যাত্রী ও একজন পথচারী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: সেলিনা বেগম (২৫), মনোয়ারা (৬০), দীপক সরকার (২৪) ও লুৎফর রহমান (৫০)। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।টাঙ্গাইল: পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে কালিহাতী উপজেলার চর ভাবলায় টাঙ্গাইলগামী একটি টেম্পোকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পোর যাত্রী আবদুল বাছেদ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন টেম্পোর আরও পাঁচ যাত্রী। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাইমিন মণ্ডল (৩৫) নামের একজন মারা যান। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি ও অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে।মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার ইচাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘষে পিউ সাহা (৩) নামের একটি মেয়েশিশু নিহত হয়েছে। তার বাবা-মাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোরে একটি কাভার্ড ভ্যানযোগে তপন কুমার সাহা তাঁর স্ত্রী ও মেয়ে পিউকে নিয়ে বগুড়ার ধুনট উপজেলার জোনাগাথী গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।নান্দাইল (ময়মনসিংহ): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল বিকেলে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোবাইক শিশু রনি মিয়াকে (১০) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। রনি মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামের খোকন মিয়ার ছেলে।নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় জনতা চালকসহ অটোবাইকটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আমির হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বেলুয়া গ্রামের মো. শামছু মিয়ার ছেলে।সূত্র জানায়, আমির হোসেন তার মা নেকজান বেগম (৫০) ও খালা নূরজাহান বেগমের (৪৫) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে বেড়াতে যাচ্ছিল। অটোরিকশাটি নাসিরনগর-পূর্ব ভাগ সড়কের আনন্দপুরে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আমির মারা যায়। নেকজান বেগম ও নূরজাহান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। চালক পলাতক।