দাউদকান্দিতে বিএনপির প্রার্থীর প্রচারণায় বাধা
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম আই খলিলের প্রচারণায় আওয়ামী লীগের সমর্থকেরা বাধা দিচ্ছেন। এমনকি খলিলকে গতকাল রোববার বিকেলে অপহরণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি কে এম আই খলিল অভিযোগ করে বলেন, রোববার প্রচারণার সময় দাউদকান্দি সদরের বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কয়েকজন কর্মী তাঁর কর্মীদের মারধর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের দোকানদার ও থানা-পুলিশের সহায়তায় তিনি রক্ষা পান। পরে থানায় গিয়ে দুই পক্ষের আপস-মীমাংসা হয়।
প্রত্যক্ষদর্শী কমপক্ষে পাঁচজন ভোটার বলেন, এ ঘটনায় তাঁদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের প্রচারণা চালাতে গিয়ে সমর্থকদের মধ্যে বিরোধ বাধে। পরে বিএনপি প্রার্থী কে এম আই খলিল থানায় এসে বিষয়টি মীমাংসা করে যান।