দাউদকান্দিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু: সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেগম আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান গতকাল সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ ও একটি ছাত্রাবাস ভাঙচুর করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজারখলা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বিজয়পুর উচ্চবিদ্যালয়ের গণিতের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। দুই বছর আগে দাউদকান্দির বেগম আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগ দেন। তিনি বিজয়পুর বিদ্যালয়ের পাশের একটি ছাত্রাবাসে থাকতেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তিনি বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা অবৈধভাবে টানা বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। বিষয়টি টের পেয়ে ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিজয়পুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রাবাসে হামলা চালায়। তারা জানায়, ওই ছাত্রাবাসে অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে নেওয়া হয়েছিল। সেই তারে জড়িয়ে শিক্ষক মিজানুর রহমানের মৃত্যু হয়। পরে তারা কুমিল্লা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। সড়কের উভয় দিকে শত শত যান আটকা পড়ে। খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম খান ঘটনাস্থলে যান। তাঁরা বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বিজয়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী বলেন, ‘শিক্ষক হিসেবে তিনি অসাধারণ ছিলেন। তাঁর প্রতি সম্মান জানিয়ে সব ধরনের ক্লাস স্থগিত করা হয়েছে। আমরা তিন দিনের শোক কর্মসূচি পালন করব।’কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।