দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কিশোর নিহত
কুমিল্লার দাউদকান্দিতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জুনায়েদ (১৪) নামের এক কিশোর মারা গেছে। আহত হয়েছে তানজিদ (১৬) নামের আরেক জন। আজ শনিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ পেন্নাই গ্রামের মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য লাইটে বিদ্যুৎ সংযোগ দিতে যায় জুনায়েদ। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। তাঁকে বাঁচাতে গিয়ে একই গ্রামের তানজিদও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। পরে তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। তানজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শরফরাজ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।