দাউদকান্দিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বালুর মাঠ থেকে আমির হোসেন (৫৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গরুর ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি ওই গ্রামেই।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল সোমবার রাত নয়টার দিকে আমির হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বাড়ির পাশে বালুর মাঠে তাঁর লাশ দেখে দাউদকান্দি থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আমিরের বড় মেয়ে শিরিনা আক্তার ও ছেলে সেলিম মিয়া জানান, তাঁদের ধারণা, তাঁদের বাবাকে কেউ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
আমিরের স্ত্রী মমতাজ বেগম জানান, তাঁর স্বামীর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।