দাউদকান্দিতে মহাসড়কে যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো দুই লেনে যানজট সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার শহীদনগর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় এই যানজট দেখা যায়। যানজটে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহন নামের বাসের চালক মো. মানিক মিয়া বলেন, সকাল ছয়টায় বাস ছেড়েছেন তিনি। সাতটা নাগাদ দাউদকান্দির গৌরীপুরে পৌঁছার কথা। কিন্তু যানজটের কারণে সকাল সাড়ে আটটায়ও পৌঁছানো যায়নি।
চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক খলিল মিয়া বলেন, ভোর পাঁচটায় দাউদকান্দির শহীদনগর এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সাড়ে তিন ঘণ্টা সময় লেগে গেছে।
চট্টগ্রামগামী একটি বাসের যাত্রী আবুল কাশেম বলেন, যানজটে আটকে পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, দাউদকান্দির জিংলাতলী থেকে পুটিয়া পর্যন্ত মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনে কাজ চলছে। এ কারণে মহাসড়কের পুরোনো দুই লেন দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। চালকদের এলোপাতাড়িভাবে গাড়ি চালানোও যানজট সৃষ্টির জন্য দায়ী।