দাউদকান্দিতে মাদ্রাসাছাত্রীসহ তিনজন অ্যাসিডদগ্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে এক মাদ্রাসাছাত্রীসহ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটেছে। অ্যাসিডদগ্ধরা হলো সোনাকান্দা গ্রামের ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার (১৬), তার ভাগনে ও একই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ (১০) এবং তাদের গৃহকর্মী খাদিজা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, ওই মাদ্রাসার সাবেক এক শিক্ষক ও এলাকার এক বখাটে যুবক এ ঘটনা ঘটাতে পারে। স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ফারজানাসহ তিনজন বাসায় একটি খাটে ঘুমিয়েছিল। রাত একটার দিকে কে বা কারা বাসার দরজা ধাক্কা দিয়ে খুলে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।গতকাল সোমবার সন্ধ্যায় বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে ফারজানা, ফয়সাল ও খাদিজা। অ্যাসিডে ফারজানার মুখ ও হাত, ফয়সালের মুখ এবং খাদিজার হাত ঝলসে গেছে।ফারজানার ভাই নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে ফারজানার মাদ্রাসার এক শিক্ষক তাকে বিয়ের প্রস্তাব দেন। সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ফারজানাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। অপরদিকে পাশের জামালকান্দি গ্রামের এক বখাটে যুবক ফারজানাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় ওই দুজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডের কৌটা উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এলাকার পাঁচ যুবককে আটক করা হয়েছে। তবে ফারজানার পরিবারের পক্ষ থেকে অপর দুজনের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।