কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় যানজট নিরসনে আজ বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম শুরু হচ্ছে। আগে টোল প্লাজার চারটি কাউন্টার দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন এবং দুটি দিয়ে বাসসহ সাধারণ যানবাহন চলত। এখন উভয় ক্ষেত্রে তিনটি করে কাউন্টার ব্যবহার হবে।
দাউদকান্দি টোল প্লাজা মিলনায়তনে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ এলাকায় যানজট নিরসনে আরও কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
বর্তমানে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় টোল আদায়ের জন্য মোট ছয়টি কাউন্টার রয়েছে। যানজট নিরসনে ভবিষ্যতে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা চলছে। এ ছাড়া দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামের কাছে অবস্থিত সড়ক বিভাজকের ক্রসিংটিবন্ধ করে দেওয়া হবে। দাউদকান্দি ঈদগাহ বিশ্বরোড এলাকা থেকে টোল প্লাজা এলাকা পর্যন্ত ৩০০ ফুট মহাসড়ক এলাকায় দুই লেনের মাঝে দেয়াল দিয়ে পৃথক এক লেন করা হবে, যাতে করে ৩০০ ফুট মহাসড়কের এক লেন দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন এবং এক লেন দিয়ে বাসসহ সাধারণ যানবাহন চলাচল করতে পারে।
সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবির খন্দকার, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম, মেঘনা-গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ইনচার্জ মেজর (অব.) জিয়াউল হক, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমুখ।