দাউদকান্দিতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
কুমিল্লার দাউদকান্দিতে দরপত্র দাখিল নিয়ে উপজেলা যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক ও যুবলীগের সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য ঠিকাদারদের সঙ্গে উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক নুরুল আমিন ও একই সংগঠনের সদস্য মিরাজ খন্দকার অফিসার্স কোয়ার্টার সংস্কারের ১৪ লাখ টাকার কাজের দরপত্র জমা দেন। বেলা ১১টার দিকে তাঁদের সমর্থকেরা কাজ কারা পেতে যাচ্ছে তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষে হাতাহাতি ও পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় চত্বরের দোকানপাট বন্ধ হয়ে যায়। ক্রেতা-বিক্রেতারা ভয়ে দৌড়াতে থাকেন। দুপুর ১২টায় পুলিশ ও র্যাবের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনছারুল ইসলাম, দৈনিক মানবজমিন-এর উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলাবাজার পত্রিকার শহীদ উল্লাহ্, বাংলাদেশ প্রতিদিন-এর আমির হোসেন এবং স্থানীয় যুবলীগের কর্মী কুটু, জিলানী, শাহজালাল, হালিম, মাছুম খন্দকার, কালাম ও আবদুল জলিল।দাউদকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আহমেদ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা প্রায় ২৫টি রাবার বুলেট ছুড়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যুবলীগের নেতা নুরুল আমিন প্রথম আলোকে বলেন, মিরাজ খন্দকারের লোকজন টেন্ডার দখলের হুমকি দেওয়ায় তাঁর লোকজন প্রতিবাদ করেন। অন্যদিকে মিরাজ খন্দকার পাল্টা অভিযোগ করে বলেছেন, তাঁর লোকজন নয়, বরং নুরুল আমিনের সমর্থকেরাই জোর করে কাজ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এর প্রতিবাদ করতেই নুরুল আমিনের লোকজন তাঁদের ওপর চড়াও হন।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনোয়ার উদ্দিন জানান, দরপত্র জমা দিতে কেউ বাধা দেয়নি। এ বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগও আসেনি। তাঁর কার্যালয়ের বাইরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের জানান, দরপত্র বাক্স খোলা ছিল। কেউ দরপত্র জমাদানে বাধা দেয়নি।