দাউদকান্দিতে লংলরির চাপায় আহত দুজনের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় গতকাল বুধবার রাতে লংলরির চাপায় আহত সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। তাঁরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৩১) ও ফয়সাল আহমেদ (৩০)।
ওই দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী অটোরিকশাচালক আজহার উদ্দিন (২৭) ও যাত্রী লিটন মিয়া (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
দাউদকান্দি সড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত নয়টার দিকে স্বল্পপেন্নাইয়ের রাবেয়া সিএনজি পাম্পে ঢোকার সময় চট্টগ্রামগামী একটি লংলরি চাপা দেয় সিএনজিচালিত অটোরিকশাটিকে। এ দুর্ঘটনায় আহত লোকজনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাব উদ্দিনের মৃত্যু হয়। ফয়সাল আজ বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লংলরিটি আটক করা হলেও চালক পলাতক।