দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের কাছে গতকাল রোববার কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত এবং তিনজন আহত হয়েছেন। এঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম (২৮) ও আবুল কালাম (২২)। আহতেরা হচ্ছেন একই গ্রামের বিল্লাল হোসেন, ফারুক মিয়া ও আবু কালাম।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের কাছে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ও ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবদুল করিম ও আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান এবং বিল্লাল হোসেন, ফারুক মিয়া ও আবু কালাম আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা দিনমজুর। তাঁদের লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।