দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওসমান গনি (২৩)। তিনি দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই গ্রামের রেণু মিয়ার ছেলে। তিনি ট্রাক্টরচালক ছিলেন।
দুর্ঘটনায় আহত রিপন মিয়া (২২) চালক ওসমান গনির সহকারী হিসেবে কাজ করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমের ভাষ্য, চট্টগ্রাম থেকে খুলনাগামী রোহান পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুটুম্বপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে বসে থাকা ওসমান ও রিপন ছিটকে পড়েন। ঘটনাস্থলে ওসমান মারা যান ও রিপন গুরুতর আহত হন।
ওসি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় রিপনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসির ভাষ্য, বাসটিকে আটক করা হয়েছে। চালক ও চালকের সহকারী পলাতক। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ওসমানের লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।