দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়পুর ও দৌলতপুরে আজ রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সোয়া দুইটার দিকে রায়পুরে কুমিল্লাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক কামাল হোসেন (৪৩) ঘটনাস্থলেই মারা যান। আহত হন মাইক্রোবাসের যাত্রী একই পরিবারের নয়জন। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামে।
এদিকে বেলা তিনটার দিকে দৌলতপুরে কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী একটি ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ট্যাক্সি ক্যাবের চালক (৩৫) মারা যান। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। ট্যাক্সি ক্যাবে থাকা তিন যাত্রী আহত হন এ ঘটনায়। তাঁদেরকেও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে দাউদকান্দি হাইওয়ে থানায় মামলা হয়েছে।