দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২, যানজট
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে টহলরত পুলিশ ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে বেলা সোয়া ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নিহত দুজন হলেন পুলিশ কনস্টেবল রোকনউদ্দিন (প্রায় ২৭) ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী। তাঁদের মধ্যে রোকনউদ্দিনের বাড়ি গাইবান্ধা সদরে। চালকের সহকারীর নাম জানা যায়নি। বয়স আনুমানিক ৫০। দুর্ঘটনায় আরও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। তারা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে। দুর্ঘটনাকবলিত পুলিশ ভ্যান ও কাভার্ডভ্যানটি অন্যত্র সরানোর চেষ্টা চলছে।