কুমিল্লার দাউদকান্দিতে একই জায়গায় বিএনপি ও যুবলীগ সমাবেশ আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিকেল তিনটায় দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাঙ্গাবউ কমিউনিটি সেন্টারে দাউদকান্দি পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা আহ্বান করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই জায়গায় একই সময়ে সমাবেশের ডাক দেয় স্থানীয় যুবলীগ। বুধবার থেকেই দুই পক্ষ সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করলে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের রাঙ্গাবউ কমিউনিটি সেন্টার ও এর ২০০ গজের মধ্যে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার বলেন, দাউদকান্দি পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি, দাওয়াত, চিঠি বিতরণ সবই করা হয়েছে। দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে পূর্বনির্ধারিত প্রস্তুতি হিসেবে তাঁরা সমাবেশ ডাকেন।