দাউদকান্দিতে ২০টি চিলকে সেবা দিয়ে অবমুক্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুর গ্রামে বর্ষা মৌসুমে প্লাবন ভূমিতে ব্যাপক হারে মাছের চাষ হয়। এই গ্রামে মাছ খেতে এসে গত সোমবার রাতের ঝড়ের কবলে পড়ে ২০টি চিল আহত হয়। খবর পেয়ে আহত চিলগুলোকে উদ্ধারে ছুটে যান পাখিপ্রেমিক মতিন সৈকত। কয়েক ঘণ্টার মধ্যে এগুলোকে উদ্ধারের পর পাঁচ দিন সেবা দিয়ে সুস্থ করেন তিনি। এরপর গতকাল রোববার সকালে চিলগুলো অবমুক্ত করেন।
মতিন সৈকতের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামে। মতিন সৈকত জানান, তিনি স্থানীয় তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক। এ পর্যন্ত বিভিন্নভাবে আহত ৩৫০টি পাখিকে চিকিৎসাসেবাদিয়েছেন। ২০০৬ সাল থেকে তিনি এ কাজ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম বলেন, মতিন সৈকত একজন পাখিপ্রেমিক। পাখির সেবা করে তিনি আনন্দ পান।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, আহত পাখিদের সেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করার কাজটি মতিন সৈকতের প্রশংসনীয় এবং ভালো কাজ। বন্য প্রাণী সংরক্ষণে তাঁর মতো অন্যদেরও এগিয়ে আসা উচিত। মতিন সৈকত সর্বশেষ ঝড়ে আহত ২০টি পাখিকে সেবা দেওয়ার কথা তিনি শুনেছেন।