দাউদকান্দিতে ‘ব্র্যাক শিক্ষাতরি’র উদ্বোধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ‘ব্র্যাক শিক্ষাতরি’র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি দীপক কুমার রায় প্রমুখ। ব্র্যাকের কর্মকর্তারা জানান, শিশুদের নৌকায় করে বাড়ি থেকে আনা হবে। পাঠদান শেষে আবার তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বিনা মূল্যে বই ছাড়াও প্রতিটি শিক্ষাতরিতে একটি শৌচাগার ও একটি পাঠাগার রয়েছে। দাউদকান্দির উত্তর ইউনিয়নের গোলাপেরচর, কান্দারচর, চরচারুয়া ও চেঙ্গাকান্দি গ্রামের আট থেকে দশ বছরের শিক্ষাবঞ্চিত ১২০টি শিশু এ শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।