দাউদকান্দির মাসুদ সারা দেশে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ছাত্র মাসুদ আলম। মোট ৬০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৫৮৫। মাসুদ উপজেলার গোয়ালমারী গ্রামের দিনমজুর মনির হোসেনের ছেলে।মাসুদ জানায়, সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এবং সকালে ফজরের নামাজের পর থেকে সকাল নয়টা পর্যন্ত পড়াশোনা করত এবং নিয়মিত মাদ্রাসায় যেত। সে প্রথম শ্রেণী থেকেই প্রতি ক্লাসেই প্রথম ছিল।জানা গেছে, লেখাপড়ার খরচ জোগাতে সে মাঝেমধ্যেই বাবার সঙ্গে অন্যের জমিতে কাজ করে। পঞ্চম শ্রেণীতে ভর্তির পর মাদ্রাসার শিক্ষক মনির হোসেন বিনা পয়সায় তাকে অঙ্ক পড়িয়েছেন। অন্যান্য বিষয় সে বাড়িতে নিজেই পড়েছে।মাসুদেরা পাঁচ ভাই ও এক বোন। এর মধ্যে মাসুদের বড় দুই ভাই মহসিন ও রহমতউল্লাহ রিকশাচালক, তৃতীয় ভাই আলী আকবর মতলব দাখিল মাদ্রাসা থেকে ২০১১ সালের দাখিল পরীক্ষার্থী এবং চতুর্থ ভাই হাবিবুর রহমান জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২০১০ সালের অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেও জেএসসিতে সারা দেশে প্রথম হবে বলে আশা করছেন তাঁদের বাবা-মা। মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘ছেলেটি গরিব হলেও খুব মেধাবী। সে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস।’