দাউদকান্দির শহীদকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা কুমিল্লার দাউদকান্দির শহীদ উল্লাহকে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা বলছে, শহীদ উল্লাহ (৭২) সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর প্রথম বাঙালি সদস্য, যাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্যে এসেছে, একাত্তরে শহীদ উল্লাহ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। তবে আরও তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি নিশ্চিত হয়, শহীদ উল্লাহ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন, তবে তিনি হবেন প্রথম পাকিস্তানি সেনা, যাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হবে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গত মঙ্গলবার সকালে শহীদ উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর মঙ্গলবার দুপুরে দাউদকান্দির গোলাপের চরে নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম সাংবাদিকদের বলেন, গত ১১ অক্টোবর শহীদ উল্লাহর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে অপরাধ সংঘটনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। একাত্তরে দাউদকান্দি উচ্চবিদ্যালয়ে স্থাপিত একটি পাকিস্তানি সেনা ক্যাম্পের কমান্ডার হিসেবে শহীদ উল্লাহ দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
আবুল কালাম আরও বলেন, শহীদ উল্লাহ তাঁর এলাকায় প্রভাবশালী ব্যক্তি। তিনি ইতিমধ্যে সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ উল্লাহকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাকিস্তান সেনাবাহিনীর কোনো সদস্যকে গ্রেপ্তার করা হলো কি না—এ প্রশ্নের জবাবে তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক এম সানাউল হক গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্যের মধ্য দিয়ে জানা গেছে, শহীদ উল্লাহ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। সাক্ষীদের বক্তব্যে এসেছে, তিনি একাত্তরে পাকিস্তানি সেনাদের হয়ে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তবে তাঁর সেনাবাহিনীর পদ নিশ্চিত হওয়ার জন্য সেনা সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সেনা সদরের জবাব অথবা তাঁকে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত করে বলা যাবে, তিনি সেনাবাহিনীতে ছিলেন কি না।
সানাউল হক আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, এমন আরও দু-তিনজন বাঙালির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান চলছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।