দাউদকান্দির হাসনাবাদে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দির হাসনাবাদ ভিপিকান্দি বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক জানান, ‘উপজেলার উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ একটি কর্মিসভা ডেকে আমাদের সম্মেলন পণ্ড করেছে।’

দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জামাল হোসেন বলেন, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশের জন্য এক সপ্তাহ আগেই নির্বাহী কর্মকর্তার কাছে থেকে লিখিত অনুমতি নেওয়া হয়। এখন বিএনপি একই স্থানে সভা ডেকে কর্মী সমাবেশকে বন্ধ করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন জানান, দুই পক্ষই আবেদন করেছে, তবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।