দাউদকান্দির ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম।উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা মূলত দাপ্তরিক কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ফলে পাঠদানের জন্য শিক্ষকের সংকট হয়। উপজেলার চন্দ্র শেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল মল্লিক বলেন, এ বিদ্যালয়ে প্রায় সাত বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এখানকার শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার দশা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘উচ্চ আদালতে মামলা থাকায় প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল। সম্প্রতি এর নিষ্পত্তি হয়েছে। ১২ অক্টোবর প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। শিগগিরই সমস্যাটির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।’