
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধ্বংস, খুন, জ্বালাও-পোড়াওয়ের’ পথ পরিহার করে আলোচনায় আসার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আলোচনায় এসে বলুন, কী চান। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, সে নির্বাচন আমরা করব। সকলে মিলে নির্বাচন করব। আলোচনার পথ এখনো খোলা।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা নূর ইসলাম চত্বরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমার দাওয়াত এখনো রয়েছে। আমি বলব, এই ধ্বংসের পথ, খুনের পথ, পোড়াও-জ্বালাওয়ের পথ পরিহার করে উনি (খালেদা জিয়া) আলোচনায় আসুক।’ তিনি বলেন, ‘বিএনপি নেত্রীকে বলব, আপনি খুনিদের মদদ দিয়েছেন, ১৫ আগস্ট জন্মদিন পালন করেন, এ দেশের নিরপরাধ মানুষ হত্যা করতে আগুন দিয়ে পুড়িয়েছেন, কোরআন শরিফ পুড়িয়েছেন, দেশের মানুষকে হরতাল দিয়ে জিম্মি করে নির্যাতন করেন। এই পথ ছাড়েন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিডিআরে বিদ্রোহ হয়েছিল। সাড়ে আট শ আসামি হত্যার। সে বিডিআরে হত্যার বিচার আমরা করেছি। তার রায় পেয়েছি। অত বিশাল বড় মামলা কোনো দিন পৃথিবীর ইতিহাসে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে ওই হত্যার বিচার হয়েছে। বিচারের রায়ও ইনশা আল্লাহ কার্যকর হবে।’
প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ গত পাঁচ বছরে যে উন্নয়ন করেছে, ’৭৫-এর পর আর হয়নি।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন দলের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী জিনজিরা কনভেনশন সেন্টার নির্মাণ, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্প্রসারিত ভবন, তেঘরিয়া বিডি মাঠে স্টেডিয়াম, আগানগর ইনডোর স্টেডিয়াম, দোলেম্বর হানাফিয়া জামে মসজিদ, চণ্ডীতলা মন্দিরের নতুন ভবন ও কেরানীগঞ্জ উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
পানগাঁও নৌ পোর্ট উদ্বোধন: এর আগে বেলা পৌনে তিনটায় পানগাঁও নৌ টার্মিনাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে পানগাঁও নৌ পোর্ট টার্মিনালে সুধী সমাবেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।