দাওয়াইল্যাদের ঘরে উৎসব
দলটিতে ছিলেন ১৫ জন মানুষ৷ পাবনার বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে তাঁদের বাস৷ ধানকাটা মৌসুম এলেই দল বেঁধে চলে যান দূর-দূরান্তের বিভিন্ন এলাকায়৷ ১৫ থেকে ২০ দিন সেখানে ধান কাটার পর কৃষকের ঘরে তা তুলে দিয়ে কাজ শেষ করেন৷ বিনিময়ে ভরে ওঠে নিজেদের ধানের বস্তাও৷ ফিরতি পথে সবার মুখে থাকে হাসি৷ কারণ, তখন প্রত্যেকের সঙ্গে থাকে ১০ থেকে ১৫ মণ ধান৷
এলাকা ছেড়ে দূর-দূরান্তে গিয়ে ধান কাটার সঙ্গে জড়িত এসব মানুষকে স্থানীয় ভাষায় দাওয়াইল্যা বলে ডাকা হয়৷ পাবনার বেড়া উপজেলায় দাওয়াইল্যাদের এমন শতাধিক দল রয়েছে৷ প্রতিটি দাওয়াইল্যা দলের একজন করে সর্দার থাকেন৷
বেড়া পৌর এলাকার ডাকবাংলো নৌঘাটের পাশে ১৩ মে সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, এমন একটি দল নৌকা থেকে নেমে প্রাপ্য ধান ভাগ করে নিচ্ছে৷ কথা বলে জানা গেল, বেড়া পৌর এলাকার শম্ভুপুর, নতুনপাড়া ও পায়না মহল্লায় তাঁদের বাড়ি৷ ১৫ দিন আগে তাঁরা দল বেঁধে গিয়েছিলেন সিরাজগঞ্জের প্রত্যন্ত একটি এলাকায়৷ এ কয় দিনে কয়েকজন কৃষকের ধান কাটা ও মাড়াইয়ের পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৪৬ মণ ধান৷ ভাগে একেকজন পেলেন ১০ মণের কিছু বেশি৷
দলের আবদুস সাত্তার বলেন, ‘সারা বছর আমরা এই সুময়ের জন্যি চায়া থাকি৷ ধানকাটা মৌসুমে দাওয়াইল্যার কাম কইর্যা পঁচিশের থ্যা তিরিশ মণ ধান পাই৷’
এ দলের সর্দার পৌর এলাকার নতুনপাড়া মহল্লার আবু হানিফ৷ তিনি জানান, আগেই গৃহস্থদের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে আসা হয়৷ চুক্তি অনুযায়ী ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে পর্যন্ত দিয়ে আসতে হয়৷ এ জন্য প্রতি মণে তাঁরা পান পাঁচ কেজি করে ধান। দাওয়াইল্যাদের থাকার ব্যবস্থা গৃহস্থরা করলেও খাওয়ার দায়িত্ব নিজেদের৷ সবকিছু মিলিয়ে এবার এ দলের সদস্যদের মাথাপিছু দেড় হাজার টাকা করে ব্যয় হয়েছে বলে আবু হানিফ জানান৷