দাওয়াত খেয়ে অসুস্থ শতাধিক একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু ও শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তি কামালদিয়া গ্রামের একলাস ফকির (৪৫)। গত রোববার দিবাগত রাত একটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।
গত শনিবার ওই গ্রামের হাবিবর ফকিরের ছেলে ইমরান ফকিরের (১০) খতনা উপলক্ষে গ্রামের লোকদের দাওয়াত করা হয়। ওই দিন দুপুরে অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে একলাস ফকিরও ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অসুস্থ ব্যক্তিরা বেশির ভাগ পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে। গ্রাম্য চিকিৎসক পরেশ ঘোষ বলেন, একলাস ফকির ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর গ্যাসের সমস্যা ছিল। ডায়রিয়াসহ শরীরের নানামুখী জটিলতায় তাঁর মৃত্যু হতে পারে।
হাবিবর ফকির জানান, ওই অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেও তারা পরে সুস্থ হয়ে যায়। মধুখালী ইউপির চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার খবর জানতে পেরেছি।’