দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় কুলখানির দাওয়াতের খাবার খেয়ে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার দুপুর পর্যন্ত শিশুসহ ৬৬ জন ব্যক্তি লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ডায়রিয়া-আক্রান্ত এলাকায় মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য বিভাগের পাঁচ সদস্যের একটি দল চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। খবরটি জানার পর মঙ্গলবার রাতে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানসহ গণমাধ্যামের কর্মীরা সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দেখতে যান। তাঁরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আশ্বাস দেন।ডায়রিয়া-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামের নজরুল ইসলামের মায়ের কুলখানির দাওয়াত ছিল। ওই গ্রামসহ আশপাশের এলাকার মানুষেরা দাওয়াতে গিয়ে সাদা ভাত, গরু ও খাসির মাংস খান। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পর ওই দিন রাত থেকে একের পর এক লোকজন অসুস্থ হতে থাকেন। সোমবার সবাই স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। এতে কাজ না হওয়ায় মঙ্গলবার থেকে একে একে লোকজন হাসপাতালে ভর্তি হতে থাকেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তপন কুমার রায় বলেন, রোগীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় এত লোক একসঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার স্বাস্থ্যকর্মীদের একটি দল আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলটি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেবে।