দাওয়াত দিয়ে এনে ছিনতাই, ছেলেধরা বলে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে দাওয়াত করে বাড়িতে এনে টাকাপয়সা কেড়ে নিয়ে ‘ছেলেধরা’ বলে গণপিটুনি দিয়েছে একটি চক্র। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।গুরুতর আহত ওই দুই ব্যক্তি হলেন, নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের আওলাদ হোসেন (৩৮) ও ধনারচর গ্রামের হিরণ (৩৫)। সরেজমিনে গতকাল বেলা দুইটার দিকে দেখা গেছে, উপজেলার কানুরামপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় শতাধিক লোক ওই দুই ব্যক্তিকে মারধর করছেন। তাঁরা বাঁচার জন্য হাত তুলে জনতার উদ্দেশে আকুতিমিনতি করছেন। এ সময় নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আওলাদকে উদ্ধার করে মোটরসাইকেলে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অপর যুবক হিরণকে তখনো দত্তপুর গ্রামের লোকজন মারধর করতে থাকেন। কিছুক্ষণ পর পুলিশ তাঁকেও উদ্ধার করে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের থানা হেফাজতে রাখা হয়।দত্তপুর গ্রামের শাহজাহান মিয়া (৪০) বলেন, ‘এলাকার একটি চক্র তাঁদের টাকাপয়সা কেড়ে নিয়ে প্রচার চালায়, ওরা ছেলেধরা। দীর্ঘদিন ধরে চক্রটি নির্বিঘ্নে এ কাজ করে চলেছে।’ এর আগে পাশের উপজেলা ঈশ্বরগঞ্জের মাইজভাগ, গলাহারায় দুই বছরে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটে। আর নান্দাইলের দাতারাতিয়া ও মুয়াজ্জেমপুরে এর আগে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে। থানাহাজতে গতকাল বিকেলে ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের সিংবাড়ী গ্রামের অনিল চন্দ্র সিংয়ের ছেলে বিশ্বজিৎ সিং (৩০) পলাশ উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করেন। সেই সুবাদে তাঁদের সঙ্গে বিশ্বজিতের পরিচয় হয়। বিশ্বজিৎ তাঁদের দাওয়াত দিয়ে গতকাল নান্দাইলের দত্তপুর গ্রামে আনেন। কিছু বুঝে ওঠার আগেই বিশ্বজিৎ তাঁর দুই সহযোগী নিয়ে হামলা করে তাঁদের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদ করলে তাঁরা তাঁদের ছেলেধরা বলে গ্রামে প্রচার চালান। এরপর চারপাশ থেকে গ্রামের লোকজন ছুটে এসে তাঁদের পেটাতে থাকেন। এসআই নুরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বিশ্বজিৎ গা ঢাকা দিয়েছেন।