দাওয়াত দেয়নি তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ‘ক্লাস পার্টিতে’ দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নিয়েছেন কলেজের ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। ব্যানার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীদের কলেজে গেলে দেখে নেওয়ার হুমকিও দেন শিবিরকর্মীরা। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার বিষয়ে কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেলে নগরের চকবাজারে জামান হোটেলে চতুর্থ বর্ষের ক্লাস পার্টি আয়োজন করা হয়। কয়েকদিন ধরেই ওই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য শিবিরের কয়েকজন নেতা-কর্মী আমাদের মুঠোফোনে চাপ দিয়ে যাচ্ছিলেন।’ ওই শিক্ষার্থী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠান হওয়ায় অন্য কাউকে দাওয়াত দেওয়া হবে না বলে আমরা তাঁদের জানিয়ে দিই। গতকাল বিকেলে বিভাগের পাঁচজন শিক্ষকও অনুষ্ঠানে আসেন। শিক্ষকেরা চলে যাওয়ার পরই শামীম ভূঁইয়া, তারেকুল ইসলাম, কামরুল ইসলাম ও জাহাঙ্গীরের নেতৃত্বে শিবিরের ২০-২২ জন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে এসে ব্যানার ছিনিয়ে নেন। চলে যাওয়ার সময় তাঁরা কলেজে গেলে আমাদের দেখে নেওয়ার হুমকিও দেন।’ এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান বিভাগের পরিচালক শামীম ভূঁইয়া বলেন, ‘প্রতি বিভাগেই ক্লাস পার্টি হয়। কিন্তু তাঁদের কথায় গরমিল ছিল। রসায়ন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমাদের আগে বলেছিলেন এটা কলেজের কোনো অনুষ্ঠান নয়। কিন্তু অনুষ্ঠানে গিয়ে দেখি তাঁরা চট্টগ্রাম কলেজ, রসায়ন বিভাগ লেখা ব্যানার ব্যবহার করছেন। তাই ব্যানারটা নিয়ে এসেছি।’ এ বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘রসায়ন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কলেজের বাইরে অনুষ্ঠান করেছে। তারা অনুমতিও নেয়নি। আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। ক্ষতিগ্রস্তরা আমার কাছে এলে আমি তদন্ত করে দেখব।’ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে জানিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন এই দাবির বিষয়ে অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘এ বিষয়ে শিবিরের কেউ আমাকে কিছু জানায়নি।’