দাওয়াত না পাওয়ায় ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিতর্ক উৎসবে আমন্ত্রণ না করায় ‘ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদে’র সংগঠকদের মারধর করেছেন ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া মিলনায়তনে ওই ঘটনা ঘটে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও আয়োজকেরা জানিয়েছেন, বেলা ১১টায় কলেজের জিয়া মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের মডারেটর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠান চলাকালে মিলনায়তনে প্রবেশ করেন ছাত্রলীগের কলেজ শাখার কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল, অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী বাপ্পি ও বহিরাগত খোকনসহ ২০-২৫ জন ছাত্রলীগের কর্মী। তাঁরা চিৎকার চেঁচামেচি করতে করতে মঞ্চে হামলা চালান। একপর্যায়ে বিতর্ক পরিষদের সভাপতি মো. ইসরাফিল, সাধারণ সম্পাদক মো. মোশাররফ রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে মিলনায়তনের দোতলায় তুলে নিয়ে মারধর করেন। তখন আতঙ্ক ও ভয়ে মিলনায়তনভর্তি শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে ওই অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়।
জানতে চাইলে কলেজ বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ রহিম বলেন, ‘বিতর্ক পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমি হলে থাকি, কী কারণে পণ্ড হলো কিংবা মারধর করা হলো তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার অসুবিধা হবে।’ সভাপতি মো. ইসরাফিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘আমি বিতর্ক অনুষ্ঠানে গিয়েছিলাম। তবে সেখানে কোনো ঝামেলা হয়নি। অধ্যক্ষও উপস্থিত ছিলেন।’ অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘রাজনৈতিক কারণে বিতর্ক অনুষ্ঠান হয়নি। বক্তব্য দিতে না দেওয়ায় ঝামেলা হয়েছে। পরে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।’
উল্লেখ্য, ছাত্রলীগের কর্মী সাইফুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ৬ মার্চ কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শ্রেণীকক্ষে প্রবেশ করে এক ছাত্রের পায়ে গুলি করার ঘটনা রয়েছে। তা ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।