দাওয়াতপত্রে আবুল হোসেনের দুই কলেজের ‘বিজ্ঞাপন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন দাওয়াতপত্র বিলি করেছে। এই দাওয়াতপত্রে রয়েছে স্থানীয় সাংসদ ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুটি কলেজের ‘বিজ্ঞাপন’। এতে অনেকে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য উপজেলা প্রশাসন দুই দিন আগেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দাওয়াতপত্র দিয়েছে। দাওয়াতপত্রের প্রথম পৃষ্ঠায় বঙ্গবন্ধুর ছবি, দ্বিতীয় পৃষ্ঠায় অনুষ্ঠানসূচি ও তৃতীয় পৃষ্ঠায় অতিথিদের নাম ছাপা হয়েছে। তবে চতুর্থ পৃষ্ঠায় দুটি কলেজের ছবি বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে। কলেজ দুটি হচ্ছে শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ ও ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজ। এ দুটি কলেজেরই প্রতিষ্ঠাতা সাংসদ আবুল হোসেন। সরকারি এই দাওয়াতপত্রে কলেজ দুটির ছবি দেখে আমন্ত্রিত অনেকেই বিস্মিত হয়েছেন। তাঁরা মনে করছেন, আবুল হোসেনকে খুশি করতে দাওয়াতপত্রে এমন ‘বিজ্ঞাপন’-এর ব্যবস্থা করা হয়েছে।কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমরা দলমত-নির্বিশেষে পালন করে থাকি। কিন্তু এবারের বিজ্ঞাপনসংবলিত দাওয়াতপত্র নজিরবিহীন। আমরা মনে করছি, সাংসদ আবুল হোসেনকে খুশি করতেই এটা করা হয়েছে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, এ ধরনের জাতীয় অনুষ্ঠানের দাওয়াতপত্রে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা একেবারেই অনুচিত। বিষয়টি আরও ভেবে দেখতে হবে।শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, ‘আমরা বিজ্ঞাপন দিয়েছি, তা ছাপা হয়েছে। এ নিয়ে আবার সমালোচনা কিসের?’তবে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে আজিম দাবি করেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠান দুটির বিজ্ঞাপন দেওয়া হয়নি; শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচারের জন্যই ওই ছবি দাওয়াতপত্রে ছাপা হয়েছে।