দাকোপ ও মংলায় ঝড়ে সহস্রাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে গতকাল শনিবার সকালে খুলনার দাকোপ এবং বাগেরহাটের মংলা উপজেলায় কাঁচা ও আধা পাকা সহস্রাধিক ঘর বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। দাকোপ উপজেলায় বজ্রপাতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।মংলা পৌর এলাকাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত এবং ৫০ জন আহত হয়েছে। ঝড়ে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বন্দরসহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাকোপ উপজেলার আইলাদুর্গত সুতারখালী ইউনিয়নে পাঁচ শতাধিক ঘর ও কামারখোলা ইউনিয়নে চার শতাধিক, বানিশান্তা ইউনিয়নে দুই শতাধিক, বাজুয়া ইউনিয়নে দেড় শতাধিক, তিলডাঙ্গা ইউনিয়নে দেড় শতাধিক, কৈলাশগঞ্জ ইউনিয়নে এক শতাধিক, লাইডোব ইউনিয়নে অর্ধশতাধিক ও দাকোপ ইউনিয়নে অর্ধশতাধিক ঘর ভেঙে গেছে। এ ছাড়া অসংখ্য গাছপালাও ভেঙ্গে গেছে। ঝড়ের সময় উপজেলার চালনা সদরে আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে বজ্রপাত হলে শ্রেণীকক্ষে থাকা ১০ম শ্রেণীর ছাত্রী শম্পা মণ্ডল, লাবণী বিশ্বাস, সাথী মণ্ডল ও পল্লবী হালদার জ্ঞান হারিয়ে ফেলে। এ ছাড়া সবুজ পল্লি গ্রামের কামাল গাজীর স্ত্রী বাড়ির পাশে গৃহস্থালির কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন। তাঁদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, ঝড়ে সহস্রাধিক ঘর ও অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। দুটি নৌকা ও একটি ট্রলার ডুবে গেছে। এ ছাড়া খুলনার দৌলতপুর বিএল কলেজের কাছে বজ্রপাতে নৌবাহিনী কলেজিয়েট স্কুলের প্রথম বর্ষের ছাত্র মো. নাসিম (১৮) নিহত হয়েছে। নাসিম খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা শেখ হারুন অর রশীদের ছেলে। মংলার ইউএনও মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক হিসাব মতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অর্ধশতাধিক লোক আহত এবং পাঁচ শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মংলা বিদ্যুৎ সরবরাহব্যবস্থার আবাসিক প্রকৌশলী শেখ এমদাদুল হক বলেন, ঝড়ে পৌর এলাকায় ও বন্দর এলাকায় বিদ্যুতের ছয়টি খুঁটি উপড়ে পড়েছে। অনেক জায়গায় গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে।অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, অভয়নগরের ওপর দিয়ে গতকাল শনিবার ভোরে এক কালবৈশাখীতে দুটি ধর্মীয় এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার পায়রা, বারান্দি, আড়পাড়া, দিঘলিয়া ও ইছামতি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে পল্লীমঙ্গল কলেজের দুটি ভবন, পায়রা ফাজিল মাদ্রাসা, পায়রা ও বারান্দি গ্রামের দুটি মসজিদ বিধস্ত হয়। এ ছাড়া পায়রা, বারান্দি, আড়পাড়া ও দিঘলিয়া গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়। অসংখ্য গাছ ভেঙে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এরপর সহযোগিতার ব্যবস্থা করা হবে।’