দাকোপ রক্ষা বাঁধ ভাঙনের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার আমতলা পুলিশ ফাঁড়ি থেকে ঢাংমারী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধটি বিপর্যয়ের মুখে আছে। এটি ‘দাকোপ রক্ষা বাঁধ’ নামে পরিচিত। এটি ভেঙে গেলে উপজেলার লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়বে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলার ৩৩ নম্বর পোল্ডারের আমতলা পুলিশ ফাঁড়ি থেকে ঢাংমারী গ্রামসংলগ্ন বেড়িবাঁধের তিন কিলোমিটার এলাকা ভেঙে গেছে। দুই বছর আগে বাঁধটি সংস্কার করা হয়, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। ফলে এখন বড় ভাঙনের সৃষ্টি হচ্ছে। বাঁধটি ভেঙে গেলে উপজেলার বাণিশান্তা, লাইডোব, বাজুয়া, কৈলাশগঞ্জ ও দাকোপ—এই পাঁচটি ইউনিয়ন পানিতে নিমজ্জিত হয়ে পড়বে। এরই মধ্যে বাঁধের বাইরে বসতবাড়ির ৫০০ বিঘা জমি পশুর নদে বিলীন হয়ে গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পশুর নদের পাশ দিয়ে নির্মিত তিন কিলোমিটার বাঁধের অধিকাংশ জায়গা ভাঙনের মুখে। বেশি ভাঙনের সৃষ্টি হয়েছে আমতলার পুলিশ ফাঁড়ির সামনে থেকে বাণিশান্তা গ্রাম পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি জায়গা।এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিবছর বাঁধ ভাঙে আর পাউবো গ্রামের মধ্য দিয়ে ব্যক্তিগত জমির ওপর নতুন বাঁধ নির্মাণ করে। তাঁরা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। বাণিশান্তা গ্রামের বিপ্র মণ্ডল (৩৫) বলেন, ‘আমার এখানে ১৫ বিঘে জমি আছে। সিডরের পর থেকে এই জমিতে কোনো ধান পাইনি। কিন্তু বাঁধের যে অবস্থা, তাতে ধান বাড়ি যাবে কি না জানি নে।’ ঢাংমারী গ্রামের খোকন হালদার (৪০) বলেন, ‘দুই বছর আগে এই নদীতে আমার প্রায় পাঁচ বিঘার মতো জমি চলে গেছে। এখন এ বেড়িবাঁধের পাশে ঘর করে কোনোরকমে বসবাস করছি।’ বাণিশান্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেবকুমার রায় বলেন, ‘যে জায়গা বেশি হুমকির মুখে, সেই আমতলা পুলিশ ফাঁড়ির সামনে কিছু হচ্ছে না। আমি পাউবোর এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে যদি পারকোপাইলের (বাঁশের খাঁচা বানিয়ে তার মধ্যে সুড়কি ও খোয়া নদীতে ফেলা) ব্যবস্থা করা হয়, ভাঙন রোধ করা সম্ভব হবে।’পাউবোর ৩৩ নম্বর পোল্ডারের দায়িত্বে থাকা শাখা কর্মকর্তা মো. ইছাহাক আলী বলেন, ‘এ বাঁধের ভাঙন ঠেকানোর জন্য ব্লক বসানোর ব্যবস্থা করেছি। সে জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দ্রুত কাজ শুরু হয়ে যাবে।’ পুলিশ ফাঁড়ির সামনে কাজ হচ্ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘না না, সব জায়গায় কাজ হচ্ছে।’