দাকোপে ইকো মেলা

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল আয়ত্ত করা, ফসল উৎপাদনের ক্ষেত্রে স্ব-উদ্ভাবিত প্রাকৃতিক সার ও বালাইনাশকের ব্যবহার বাড়ানো ইত্যাদি বিষয় সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় দিনব্যাপী ইকো মেলা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (বিএএসডি) আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার লাউডোব বানিয়াশান্তা পূজা মন্দির প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
মেলায় দাকোপ, মংলা ও সুতারখালির ৪২টি গ্রামের অন্তত আড়াই শ নারী রাসায়নিক সার ও বালাইনাশক ছাড়া তাঁদের উৎপাদিত পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করেন।
মেলা সমন্বয়কারী এবং বিএএসডির প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার মৃধা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় মানুষকে সচেতন করাই এ মেলার উদ্দেশ্য।
সংস্থার নির্বাহী পরিচালক বনিফেস এস গোমেজ বলেন, উৎপাদিত যত ধরনের ফল-ফসল মেলায় দেখা যাচ্ছে—তার সবগুলোতেই প্রায় ৫০ রকমের লতাপাতা ও অন্যান্য জিনিস দিয়ে তৈরি তরল সার ব্যবহার করা হয়েছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে পরিবেশবান্ধব এসব উপাদানের ব্যবহার শুধু মাটি, পানি ও বাতাসের গুণাগুণ রক্ষা করছে তা নয়। ফসলের স্বাদ ও ফলন বাড়াচ্ছে।