দাকোপে জলাবদ্ধতায় সাত হাজার হেক্টর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৩২ নম্বর পোল্ডারের গোলবুনিয়া গ্রামের ভিটেভাঙ্গা থেকে নলীয়ান পর্যন্ত ১৫ কিলোমিটারে কোনো স্লুইসগেট (জলকপাট) নির্মাণ করা হয়নি। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় উপজেলার প্রায় সাত হাজার হেক্টর জমিতে পাঁচ বছর ধরে কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না। এতে উপজেলার সাত সহস্রাধিক মানুষ কাজের সন্ধানে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।
এলাকার কয়েকজন জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় সুতারখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ৫০ মিটার ভেঙে যায়। এরপর বাঁধের ওই স্থান মেরামত করা হয়। কিন্তু জমিতে ঢুকে পড়া পানি নিষ্কাশনের জন্য এখানে কোনো জলকপাট নির্মাণ করা হয়নি। এতে বৃষ্টির পানি ও জোয়ারের সময় বাঁধের নিচের ছিদ্র দিয়ে পানি ঢুকে উপজেলার সাত হাজার হেক্টরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এসব জমিতে পাঁচ বছর ধরে কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না। এসব জমিতে আগে ধান ও রবিশস্য হতো।
সুতারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের প্রায় ১৪ হাজার একর ফসলি জমির মধ্যে সাত হাজার একরই পানিতে তলিয়ে আছে। এখানে লোকসংখ্যা ৩৭ হাজার ৬১১ জন।
সূত্র জানায়, এলাকা ছেড়ে অনেক কৃষিশ্রমিক ভারতে চলে গেছেন। সেখানে কেউ রাজমিস্ত্রির সাহায্যকারী, কেউ কুলির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কেউ খুলনা শহরে রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাচ্ছেন।
জলাবদ্ধতার কারণে নিজের জমিতে ফসল উৎপাদন করতে পারছেন না প্রোটন মণ্ডল। তিনি বলেন, ‘আমাগের এলাকায় পাঁচ বছর ধরে কোনো পানি সরানোর গেট নেই। এই জন্যি সারা বছর জমি পানিতি ডুবে থাকে। এভাবে চলতি থাকলি জমাজমি ফেলায়ে এলাকা ছাড়ে চলে যাতি হবেনে।’
গোলবুনিয়া বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া পারভিন আক্তার বলেন, ‘পাঁচ বছর জমি তলানো, খাওয়ার কিছু নেই। পেটের তাগিদি আমার বিটা এহন বাইরি কাজে চইলে গেছে। এ রকম থাকলি আমার মাইয়েডারে নিয়ে সব ফেলায়ে আমারও চলে যাতি হবেনে।’
সুতারখালী ইউপির চেয়ারম্যান গাজী আশরাফ জানান, জলকপাট না থাকায় সাত হাজার একর জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এ কারণে ছয়-সাত হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে।
৩২ নম্বর পোল্ডারের দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ৩১ ও ৩২ নম্বর পোল্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ৩১ ডিসেম্বর বিশ্বব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। তখন ওই দুটি পোল্ডারের সব কাজ তারা করবে। এত দিন জলকপাট নির্মাণ করা হয়নি কেন, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।